রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়: রুহুল কবির রিজভী

আজকের চুযাডাঙ্গা ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও আইনগত সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার পরিবর্তে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। পলাতক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাুকর্মীরা বিদেশে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেখান থেকে দেশে অর্থ পাঠাচ্ছেন। তাঁদের নির্দেশনায় কিছু সন্ত্রাসী ও কিশোরকে ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। যারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যত বড় শক্তিই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদ ও দেশের ভেতরে থাকা আধিপত্যবাদী শক্তির সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র, বিরোধী দলের অধিকার এবং মানুষের কণ্ঠের স্বাধীনতা হরণের প্রতীক হয়ে উঠেছে। ক্ষমতায় ফিরে গিয়ে আবারও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ পাওয়ার জন্যই তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রিজভী বলেন, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। তাঁদের সেই সংগ্রামের উদ্দেশ্য ছিল না পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো দেশের কাছে মাথা নত করা। অথচ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তাঁর কর্মকাণ্ডে সেই চেতনার প্রতিফলন ছিল না বলে তিনি মন্তব্য করেন। এর আগে সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনে মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন এমপি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। এতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাুকর্মীরা অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।