স্টাফ রিপোর্টার
“পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার হিসেবে এরশাদকে আমরা আখ্যায়িত করেছিলাম। কিন্তু আমরা বুঝতে পারিনি ২০০৯ থেকে ২০২৪ এর ৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মাটিতে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হবে। এই ষোল বছর গণতন্ত্র, ভোটাধিকার, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এর সংগ্রাম করতে যেয়ে আমাদের মাঝে প্রায় সাড়ে চার হাজারের মতো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল ক্রস ফায়ার। সাতশর বেশি সহযোদ্ধা হয়েছিল গুমের শিকার। এমন দুঃসময় থেকে এই দেশকে, জাতিকে ও আমাদেরকে উদ্ধার করতে আপনাদের জেনজি জেনারেশন যে ভূমিকা নিয়েছে তার জন্য আমরা আপনাদের কাছে ঋণী।” বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি। গতকাল শনিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তি প্রদানকালে বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ২১৩ জনের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মো: আসাদুজ্জামান আরও বলেন, “এতগুলো হত্যা করেছে, ইতিহাসের জঘন্যতম অধ্যায় যারা রচনা করেছে, যাদের মধ্যে নূন্যতম কোনো অনুশোচনাবোধ নাই তারা গোপালগঞ্জে কি তান্ডব চালিয়েছে। নড়াইলে আমাদের ২ সহযোদ্ধাকে হত্যা করেছে। আমরা জন জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের গণতন্ত্রের পথ ধরে আইনের শাসনের পথ ধরে আমরা এগোবো। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, আমরা আইনের পথ ধরেই তাদের মোকাবিলা করব।”

চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নোবেল ইসলাম সূর্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও বাংলাদেশ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সিআইপি মো. সাহিদুজ্জামান টরিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুজ্জামান, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নূর-ই-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক মিথুন, আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক, ডেপুটি অ্যার্টনি জেনারেল হেমায়েত উল্লাহ, বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ এমএ আজহারুল ইসলাম, রয়েল এক্সপ্রেসের পরিচালক ও রয়েল ফিলিং স্টেশনের এমডি মো. সামসুর রশীদ দীপু এবং চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সরোয়ার বাবু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. নাজমুল হক (মিন্টু), সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সামাদুল হাসান শান্ত, জাতীয় জাদুঘর অফিসার সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ শুভ, রিয়া টেক্সটাইল লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল প্রমুখ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘আইডিয়াজ হাব সেন্টার’। ১০২ জনকে বৃত্তির ব্যবস্থা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো: শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুজ্জামান টরিক বলেন, “ভালো কোনো কাজ করতে গেলে অনেক সময় নানা প্রতিবন্ধকতা ও সংশয় সামনে আসে। ‘টাকা কোথায় পাবেন’—এমন চিন্তা মানুষকে পেছন দিকে টানে। কিন্তু সফলতা তারাই অর্জন করে, যারা এই সংশয় ও বাধা জয় করতে পারে। ঢাকায় অবস্থানরত আমাদের ছোটদের বছরে অন্তত একবার একত্রিত করা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। জীবনে এমন কিছু মানুষকে পেয়েছি, যাঁদের কাছ থেকে আমি সবসময় সাহস ও প্রেরণা পাই। আজকের এই আয়োজনে বৃত্তির প্রসঙ্গ এলে শরীফকে বলেছিলাম—বৃত্তি দিতে হবে। ২০০ জনের লক্ষ্যমাত্রার মধ্যে তিনি ১০২ জন শিক্ষার্থীর বৃত্তির ব্যবস্থা করেছেন। পাশাপাশি রয়েল এক্সপ্রেস ৩০ জনকে বৃত্তি দিয়েছে। সব মিলিয়ে প্রায় ২১০ জনের বেশি শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ”আমাদের চুয়াডাঙ্গার শিক্ষার্থী যারা ঢাকাতে অধ্যায়নরত আছে আজকে তাদের সবাইকে একত্রিত করতে পেরেছি, যাতে তারা নিজেদের সুবিধা-অসুবিধার প্রতি খেয়াল রাখতে পারে এবং ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সমস্যার সমাধানে চেষ্টা করে। আমার মনে হয় নতুন করে উদ্যোগ নিয়ে আমরা সফল হয়েছি।”



