মেহেরপুর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা শাখার আংশিক এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সাজেদুর রহমান বিপ্লবকে সভাপতি ও সিনিয়র সহসভাপতি হয়েছেন তৌফিক এলাহী। সাধারণ সম্পাদক জারজিস ইউসুফ রুমি। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিজন আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মাকছুদুল হকের নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



