কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের ২ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বাজারে সিসি ক্যামেরা স্থাপন এবং বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহের নামে বরাদ্দ নেওয়া হলেও প্রকল্পের কাজ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় সাফদারপুর বাজারের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে সরেজমিনে বাজারের বিভিন্ন স্থান ঘুরে কোনো সিসি ক্যামেরা স্থাপনের অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, বাজারের জননী ফার্মেসিতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা দুটি সিসি ক্যামেরাকে প্রকল্পের কাজ হিসেবে দেখিয়ে বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ক্যামেরা দুটির বাজারমূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা। অথচ প্রকল্পের বাকি টাকার ব্যয়ের কোনো স্পষ্ট হিসাব পাওয়া যায়নি।
অন্যদিকে, সাফদারপুর মুনসুর আলী একাডেমিতে ৪০ জোড়া বেঞ্চ সরবরাহের জন্য পৃথক প্রকল্পে ১ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিদ্যালয়টিতে সরবরাহ করা হয়েছে মাত্র ২০ জোড়া বেঞ্চ। বিদ্যালয়ের সভাপতি ফয়েজ আহম্মেদ লিওন বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সরবরাহ করা বেঞ্চগুলো অফ-সাইজের করই কাঠ দিয়ে তৈরি। এর মধ্যে কয়েকটি বেঞ্চ ভাঙা ও ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। নির্ধারিত সংখ্যার অর্ধেক বেঞ্চ সরবরাহ এবং নিম্নমানের আসবাবপত্র দেওয়ার ঘটনায় বরাদ্দের অর্থের বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “পিআইও অফিস থেকে আমার কাছে দুটি ক্যামেরা দিয়েছিল। সেই দুটি ক্যামেরা বাজারে লাগানো হয়েছে। বিল কত, তা আমি জানি না। বিস্তারিত জানতে হলে পিআইও অফিসে যোগাযোগ করেন। ক্যামেরার দামও আমার জানা নেই। আমরা তো নিজেদের মতো করে কিছু করতে পারি না, ইউএনও মহোদয় যা বলেন, তা-ই করতে হয়।” উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম সিসি ক্যামেরা প্রকল্পের বিষয়ে বলেন, “দুটি ক্যামেরা দিয়ে কি ১ লাখ ৪৯ হাজার টাকা বিল তোলা যায়—এমন প্রশ্ন কেন করছেন? এটি একটি প্যাকেজের অংশ, যা দেওয়া হয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন বলেন, প্রকল্প বরাদ্দ দেওয়ার পর তা আর কাটার সুযোগ নেই। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর এমন কোনো কথাও হয়নি। তবে অভিযোগের বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন।



