স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মাহফিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সার্বিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।



