ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার, দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।

সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন। এ সময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আতিকুর রহমান।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করবেন প্রো-ভাইস চ্যান্সেলর ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এমতাজ হোসেন।

আলোচনা সভা শেষে শুভেচ্ছা বিনিময়ের পর ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, হল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব প্ল্যাকার্ডসহ অংশ নেবে। রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র‌্যালিকে প্রাণবন্ত করে তুলবে। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। র‌্যালি শেষে স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন। এ সময় তাঁদের সঙ্গে থাকবেন ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, ডিন মহোদয়গণ, সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালিটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।