রকিবুজ্জামান / টিপু সুলতান, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টানা ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে আমন ধান, ভুট্টা ও সরিষাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে অনেক কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বিশেষ করে জমিতে পানি জমে থাকায় পাকা আমন ধান কাটতে পারছেন না কৃষকেরা। এতে ফসলের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও বাড়ছে।
সরেজমিনে উপজেলার কেডিকে, বাঁকা, মনোহরপুর, হাসাদাহ ও সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে আছে। কোথাও পাকা আমন ধান জমিতে পড়ে রয়েছে, আবার কোথাও ভুট্টা ও সরিষার বীজ বপন করা জমিতে পানি জমে থাকায় বীজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
সীমান্ত ইউনিয়নের কৃষক আনসার আলী বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। এর মধ্যে দুই বিঘা জমির ধান কাটতে পেরেছি। বাকি তিন বিঘা জমির ধান এখনো কাটা সম্ভব হয়নি। ভারী বৃষ্টির কারণে জমিতে পানি জমে আছে। এতে আমার প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লোকসান হতে পারে।’
একই এলাকার কৃষক রাজ্জাক বলেন, ‘আমার তিন বিঘা জমির ধান কাটা হয়েছে। কিন্তু ভারী বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা করছি। এতে ধানের ফলন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে।’
অন্যদিকে কৃষক মালেক বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে ভুট্টার বীজ বপন করেছি। কিন্তু টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ক্ষতি হতে পারে।’
এ বিষয়ে কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এ বছর আমন মৌসুমে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ আমন ধান কাটা হয়েছে। তবে নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে কৃষকদের বাকি ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হবে।’
টানা বর্ষণে ফসলের ক্ষতির আশঙ্কায় এখন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জীবননগর উপজেলার কৃষকেরা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জীবননগরে টানা ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক



