স্টাফ রিপোর্টার
সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন মালিকের বহনকারী প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের কেউ আহত না হলেও গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন হুসাইন মালিক।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরীর কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে।
হুসাইন মালিক বাংলাদেশ বেতার, দীপ্ত টিভি ও জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত।
হুসাইন মালিকের বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মালিক জানান, তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হুসাইন মালিক, তিনি নিজে ও পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়।
হাসান মালিক বলেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তবে তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন।



