মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় পলিথিনসদৃশ একটি বস্তুতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ/২৪ নম্বর বাসার ওই গলিতে একাধিক বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকে আগুন দিয়েছে। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিনসদৃশ কোনো বস্তু পোড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

সুত্র: ঢাকা পোস্ট

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।