স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জনসাধারণের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে পানির ফিল্টার স্থাপন করা হবে। পাশাপাশি বড়বাজারে নির্মাণ করা হবে পাবলিক টয়লেট। জেলার চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, খাল খনন, বৃক্ষরোপণ, সড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব কাজ সমন্বিতভাবে ও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান সভাটি সঞ্চালনা করেন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনদুর্ভোগ নিরসন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, জনসাধারণের সুপেয় পানির চাহিদা পূরণে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার ছাগল ফার্মের কাছে অবস্থিত পানির শোধনাগার চালুর বিষয়ে ঢাকা থেকে চার সদস্যের একটি দল আনা হয়েছে। এ শোধনাগারের মাধ্যমে জেলায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া জেলা পরিষদের জায়গা পাওয়া গেলে চুয়াডাঙ্গা বড়বাজারে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
জেলা পরিষদের আওতায় ৩ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার মধ্যে হাটকালুগঞ্জ-পীরপুর সড়কে ১ হাজার, ২০২৬-২৭ অর্থবছরে জীবননগর-চ্যাংখালী সড়কে ৫০০টি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৫০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এর বাইরে নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ১ হাজার ৬০০টি চারা কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণের তথ্যও সভায় তুলে ধরা হয়। পাশাপাশি মহাসড়কের উভয় পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় অপসারণ করা হয়েছে।
জেলার বিভিন্ন খালে জমে থাকা কচুরিপানা অপসারণ করে তা দিয়ে জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খাল খনন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাল খননের জন্য অধিগ্রহণ করা জমির গেজেট প্রকাশ, ভূমির রেকর্ড সংশোধন এবং আলমডাঙ্গার ঝোলাগাড়ি-তিনানগাড়ি খালের উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহারের বিষয়েও আলোচনা হয়। সভায় জানানো হয়, এ খালের উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার বলেন, জেলায় বর্তমানে ডেঙ্গুর উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে চুয়াডাঙ্গা পৌরসভার ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রচুর ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। দ্রুত এসব বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জেলা পরিষদের জায়গা পাওয়া গেলে বড়বাজারে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। ছাগল ফার্মের কাছে অবস্থিত পানির শোধনাগার চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
সভায় সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিয়েও বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। জীবননগর-হাসাদাহ মহাসড়ক জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। আকুন্দবাড়িয়া সড়কের কাজ ডব্লিউবিএম (ডইগ) পর্যন্ত সম্পন্ন হয়েছে। ডিসি ইকোপার্কের রাস্তা মেরামতের জন্য দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পগুলোর সাইনবোর্ড স্থাপন করা হয়েছে বলেও সভায় জানানো হয়। এ ছাড়া হাসাদাহ বাজার মহাসড়কের পাশে জেলা পরিষদের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়। অধিকাংশ অবৈধ স্থাপনা ও ড্রেন অপসারণ করা হয়েছে। তবে জমির মালিকানা জটিলতার কারণে আরও দুটি অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসকের প্রশাসনিক সহায়তা প্রয়োজন বলে জানানো হয়। প্রস্তাবিত ৪৯টি সেতুর স্থান ও পরিবেশ-প্রতিবেশ যাচাই করে প্রতিবেদন দ্রুত পাঠানোর বিষয়েও আলোচনা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম বলেন, সারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় কৃষকের জমির পরিমাণ হিসাব করে সার সরবরাহ করতে হবে। এ কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করতে হবে। সারের কৃত্রিম সংকট রোধে নিয়মিত নজরদারির পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ২ লাখ ৭৭ হাজার ৬৯৭ জন কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ ২০ হাজার ৭৭৪ জন কৃষককে সার কার্ড কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬ হাজার ৯৪০ জন কৃষককে স্মার্ট কার্ড/সার কার্ড কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সভায় হাম-রুবেলা ও ডায়রিয়ার প্রকোপ কমানো এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলার বিভিন্ন স্থানে পানির ফিল্টার স্থাপন করতে চাই, যাতে গরমের মৌসুমে মানুষ সহজেই সুপেয় পানি পান করতে পারে। জেলার যেসব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরে সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা জেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।



