চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক আলমগীর কবীর, জনপ্রশাসন মন্ত্রণালয় বদলী লুৎফুন নাহার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।

গতকাল রোববার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ড. জি.এম. সরফরাজকে (পরিচিতি নম্বর-১৬৩৬১) হবিগঞ্জের জেলা প্রশাসক পদ থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে (পরিচিতি নম্বর-১৬৮০৪) হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।