দামুড়হুদায় সার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের কৃষক সমাবেমে রুহুল আমিন এমপি

দামুড়হুদা অফিস
সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি-দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দামুড়হুদায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “কৃষকের ন্যায্য অধিকার ও জনস্বার্থ রক্ষায় প্রতিবাদ হোক ঐক্যবদ্ধ”—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে আজ সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে।” এ সময় তিনি অবিলম্বে সারের কৃত্রিম সংকট দূর করে প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের জোরালো দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন। এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবেদুদ্দৌলা টিটোন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল গফুর এবং নাটুদাহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা উমর ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার ও রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, অফিস সম্পাদক ইখতিয়ার হোসেন, হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক, দামুড়হুদা ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর মাওলানা আলিম উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন আমীর শামসুজ্জোহা এবং নতিপোতা ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর মঞ্জুরুল করিম লাভলু। এ সময় স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।