আলমডাঙ্গায় অসহায় সিরাজুলকে স্বাবলম্বী করতে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিল নীলা-শুকতারা ফাউন্ডেশন

আলমডাঙ্গা অফিস

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নীলা-শুকতারা ফাউন্ডেশন। এক অসচ্ছল পরিবারের আর্থিক দুরবস্থা লাঘব এবং জীবিকার পথ সুগম করতে সিরাজুল ইসলাম বুদু নামের এক ব্যক্তিকে নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার বিকালে আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজ রোডের মিয়াপাড়ায় অবস্থিত নীলা-শুকতারা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে গোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলাম বুদুর হাতে নতুন ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন শেখ সাইফুল ইসলাম। ভ্যানের চাবি হস্তান্তর করেন ফাউন্ডেশনের অন্যতম কর্মধার শেখ আবু জাফর ও শেখ আব্দুল জব্বার। সে সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সিরাজুল ইসলাম বুদু দীর্ঘদিন ধরে প্রতিদিন ২০০ টাকা ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সারাদিন পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ ভাড়ার পেছনে ব্যয় হওয়ায় পরিবার নিয়ে তাঁকে আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হতো। বিশেষ করে বৃদ্ধ মায়ের ভরণপোষণ ও পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তাঁকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছিল। তাঁর এই অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় নীলা-শুকতারা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের এমন উদ্যোগে এখন থেকে সিরাজুল ইসলাম নিজের ভ্যান চালিয়ে উপার্জিত অর্থের পুরোটাই পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করার সুযোগ পাবেন। এতে তাঁর পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে এবং জীবনে স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচারী মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল কাদের, আলহাজ্ব মুজিবুর রহমান, মিয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিয়া, শেখ আবু জাফর, শেখ আবু জাহেদ, নাসের ফয়সাল, শেখ সাইফুল ইসলাম ও শেখ আব্দুল জব্বারসহ ফাউন্ডেশনের পরিবারের সদস্যরা। এ সময় শেখ সাইফুল ইসলাম বলেন, “সিরাজুল ইসলাম বুদু দীর্ঘদিন ধরে ভাড়া করা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন তাঁকে ২০০ টাকা ভাড়া দিতে হতো। বৃদ্ধ মাকে নিয়ে তাঁর কষ্টের বিষয়টি আমাদের নজরে আসে। তাঁর পরিবারের আর্থিক দুরবস্থা কিছুটা লাঘব এবং তাঁকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই নতুন ভ্যানটি উপহার দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।