স্টাফ রিপোর্টার
দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী। ৮৮ বছর ধরে প্রতিষ্ঠানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত। ১৯৩৮ সালে রবার্ট রাসেল মিলটি প্রতিষ্ঠা করেন। এ চিনি কলকে ঘিরে দর্শনা শহর গড়ে উঠেছে। মিল থেকে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটেছে। এটি একটি বিশাল শিল্প কারখানা। যার মধ্যে রয়েছে চিনি কারখানা, ডিস্টিলারি, জৈব সারখানা ও ঔষধ কারখানা। প্রতিবছর সরকারকে রাজস্ব দিয়েও মুনাফা অর্জন করে প্রতিষ্ঠানটি। ২৫-২৬ অর্থ বছরে কেরু চিনিমিল থেকে মুনাফা পাওয়া গেছে ১৬৪ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ চিনি কল চুয়াডাঙ্গার হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। প্রধানত চিনি কলের কারণে কালক্রমে গড়ে উঠেছে দর্শনা শহর। উপমহাদেশের শিল্প স্থাপনাগুলোর মধ্যে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫৯ জন কর্মকর্তাসহ ১ হাজার ৩শ জন কর্মচারী ও শ্রমিক কাজ করছেন। পাশাপাশি ৫ হাজার কৃষকসহ লক্ষাধিক মানুষ এ প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা ভোগ করেন। চুয়াডাঙ্গা জেলায় স্বাধীনতার পর সরকারি ও বেসরকারি পর্যায়ে তেমন কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সৃষ্টি হয়নি মানুয়ের কর্মসংস্থানের সুযোগ। শুধু কেরু চিনিকলেই এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছে। ১৮০৫ সালে মি.জন ম্যাকস ওয়েল নামক এক ইংরেজ ভারতের কানপুরে একটি মদের কারখানা চালু করেন। ১৮৫৭ সালে সিপাহি বিপ্লবের সময় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হয়। এরপর কারখানাটি পুনঃ নির্মাণ করে জয়েন্ট স্টক কোম্পানি হিসাবে যাত্রা শুরু করে কেরু অ্যান্ড কোম্পানি। কেরুর ব্যবসায়িক সাফল্যে আসানসোল ও কাটনিতে দুটি শাখা খোলা হয়। এরপর ১৯৩৮ সালে দৈনিক ১ হাজার টন আখ মাড়াই ও ১৮ হাজার প্রুফ লিটার স্পিরিট তৈরীর লক্ষ্যমাত্রা নিয়ে তদানীন্তন নদীয়া জেলার দর্শনায় করা হয় কেরু অ্যান্ড কোম্পানীর আরো একটি শাখা। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর এটি শত্রু সম্পতি ঘোষিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে মিলটি জাতীয়করণ করা হয়। তখন থেকে অদ্যাবধি এটি কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড নামে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন পরিচালিত হয়ে আসছে।
অপরদিকে কেরুর উৎপাদিত জৈব সারের ব্যাপক চাহিদা রয়েছে। ১০ বছর ধরে সোনার দানা নামে জৈব সার উৎপাদন করা হয়। গত বছর এ সার কারখানা থেকে আড়াই হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদন করা হয়। চলতি বছরে সাড়ে ৩ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে মিলটি। প্রেসমাড (ঢ়ৎবংং সঁফ), ড্রিস্ট্রিলারীর গাদ ও আমদানীকৃত মাইক্রোবস (গরপৎড়নবং) এর সম্বন্বয়ে তৈরী করা হচ্ছে জৈব সার। প্রতি কেজি সারের মূল্য নির্ধারন করা হয়েছে ১৮ টাকা। ৫০ কেজির ১ বস্তা সার বিক্রি করা হচ্ছে ৯০০ টাকা।
কেরুর কৃষি খামারের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম ভূঁইয়া জানান, এ প্রতিষ্ঠানে মোট জমির পরিমান ৩ হাজার ৫৫৬ একর। এর মধ্যে চাষযোগ্য জমি রয়েছে ২ হাজার ৪১০ একর। প্রতিবছর কেরু নিজস্ব জমিতে আখ চাষ করা হয় ১ হাজার ৫শ একর জমিতে। চলতি বছর ৩ হাজার ৬০৫ জন কৃষক কেরু থেকে সুবিধা নিয়ে আখ চাষ করেছে। বর্তমানে মিল গেটে প্রতি কেজি আখের দাম দেয়া হচ্ছে ৬.৫১ টাকা ও মিলের বাইরে ৬.৩৭ টাকা। অর্থাৎ প্রতি মণ আখের দাম কৃষক পাচ্ছে ২৪০ টাকা। এদিকে কেরুর উৎপাদিত প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১৩০ টাকা, লুজ চিনি ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কেরু উৎপাদিত চিনি দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করা হয়। বাজারে কেরুর চিনির প্রচুর চাহিদা রয়েছে বলে তিনি জানান।
দর্শনা চিনিকলে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৬৫ হাজার ৪৬৮ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫৬৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে। ৬৪ কার্যদিবসে ৫ হাজার ৫৬২ একর জমির আখ মাড়াই করে মিলটি। চিনি আহরনের গড় হার ছিলো ৫.৪৪। চলতি ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের উদ্বোধনের দিনধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। গতবারের থেকে এবার আখের আবাদ ২৪০ একর জমিতে বেশি হয়েছে। এ মৌসুমে ৫ হাজার ৮০২ একর জমিতে আখ চাষ করা হয়েছে। তাতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন। এর থেকে চিনি উৎপাদন হবে ৪ হাজার ৮শ মেট্রিক টন। চিনি আহরনের গড় হার ধরা হয়েছে ৬ ভাগ।
এদিকে আগামী ২০২৭-২০২৮ মৌসুমে মিলটি আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে ৬ হাজার ৩ শ একর জমিতে। ইতিমধ্যে মাঠে আখ রোপন শুরু করা হয়েছে। আখের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কয়েক বছর ধরে কৃষকদেরকে নানাভাবে মোটিভেট করা হচ্ছে। এ কারনে গত দুই বছরের ব্যবধানে আখ চাষ বেড়েছে ৮শ একর জমিতে।

দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতির কারণে চিনিকলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ সমস্যা সমাধানে প্রায় ১০২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চিনিকলের বিএমআরই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হয়। ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আধুনিকায়নের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বছর বিএমআরই আংশিক সুবিধা পাওয়া যায়। চলতি বছর থেকে পুরোপুরি বিএমআরই সুফল পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। এরফলে চিনি উৎপাদন বাড়বে। কমবে সিসটেম লস। আখ চাষে আরো বেশি কৃষককে সম্পৃক্ত করার জন্য ইতিমধ্যে আখের মূল্য বাড়ানো হয়েছে। সহজ শর্তে সার, বীজ, কীটনাশক ও নগদ লোনের ব্যবস্থা করা হয়েছে।
কেরুর উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বলেন, চিনি উৎপাদন খাতে লোকসান থাকলেও ডিস্ট্রিলারী খাতে প্রতি বছর বড় অংকের মুনাফা অর্জণ করে মিলটি। চিনি উৎপাদন করে গত ২৪-২৫ অর্থ বছরে ৬২ কোটি ও ২৫-২৬ অর্থ বছরে ৬০ কোটি টাকা লোকসান করে। এ লোকসান বাদ দিয়েও ডিস্ট্রিলারী খাতে মিলটি গত ২৪-২৫ অর্থ বছরে ১২৮ কোটি টাকা ও ২৫-২৬ অর্থ বছরে ১৬৪ কোটি টাকা লাভ করে প্রতিষ্ঠানটি।
কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেরু এন্ড কোম্পানি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রায় ৬৫ হাজার ৪০০ মেট্রিক টন আখ মাড়াই করে। এই আখ মাড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৫.৪৪ রিকভারিতে প্রায় ৩ হাজার ৫৪০ মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়। এই বছর যে আমাদের মাড়াই মৌসুম আছে ২৬-২৭ মাড়াই মৌসুম, এই মাড়াই মৌসুমে আমরা আশা করছি যে আমাদের প্রায় ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করতে পারব। তাহলে প্রায় ৪ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা সম্ভব হবে। এখন ২০২৬-২৭ রোপন মৌসুম চলছে। আখের লক্ষ্যমাত্রা প্রায় ৬ হাজার ৩০০ একর। আগামী মৌসুমে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রায় ৯০ হাজার মেট্রিক টনের উপরে আখ পাবে ইনশাআল্লাহ। প্রতি বছরই এই আঁখের পরিমাণটা যেন কিছু কিছু করে বৃদ্ধি পায় সেই চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা কৃষকদের বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকি, আগাম আখ চাষের উপরে একটা প্রণোদনা আছে। এছাড়াও বিভিন্ন ভর্তুকির মাধ্যমে আখ চাষীদেরকে বিভিন্ন সহায়তা করা হয়। গত বছর বিএমআরই হয়েছে। এটা হওয়াতে আমাদের কিছু প্রসেস লস কমবে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে আমরা সক্ষম হব।



