নিশান মিয়াা, তিতুদহ প্রতিনিধি :
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলাবাড়িয়া মাঠে বেগুনখেতে ফসল রক্ষার জালে আটকা পড়া একটি বৃহৎ দাঁড়াশ সাপ উদ্ধার করে নিরাপদে প্রকৃতিতে অবমুক্ত করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় কৃষক সজিব আলী মাঠে গিয়ে বেগুনখেতে পাতা ফসল সুরক্ষার জালে একটি বড় সাপ আটকে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগানকে জানান।
খবর পেয়ে সংগঠনের সদস্যরা বেলা ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হয়। এ বিষয়ে সংগঠনের সভাপতি ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, দাঁড়াশ একটি নির্বিষ সাপ। এটি কৃষকের প্রকৃত বন্ধু। মাঠের ফসল রক্ষায় এই সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের সমাজে এখনো সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা রয়েছে। বাংলাদেশে অধিকাংশ সাপই নির্বিষ হলেও মানুষের অসচেতনতার কারণে এসব সাপ বেশি মারা পড়ছে।
বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে। সাপও এর বাইরে নয়। সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সংগঠনটি কয়েকটি জেলাজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি, সচেতনতার মাধ্যমে কোনো বন্যপ্রাণীই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না। উদ্ধার কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, সজীব, সুজন, জুবায়ের, পারভেজ ও মোনাজাত আলী।



