গোপন বৈঠককালে আলমডাঙ্গার ভাংবাড়িয়া বাজার থেকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা ভাংবাড়িয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বড় বোয়ালিয়ার মৃত সুলতান রহমানের ছেলে জেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু (৬৫), আলমডাঙ্গার উপজেলার ভাঙ্গবাড়ীয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে মোহাম্মদ মিনারুল (৫০), আবুস উদ্দিনের ছেলে আসমাতুল্লাহ সুজন (৪২), মৃত ইকতার আলীর ছেলে রেজাউল করিম, ইসাহাক আলীর ছেলে আমারত আলি (৬০), আফতাব আলীর ছেলে লালু মন্ডল (৫৪) ও ভোগাইল বগাদী গ্রামের মিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক (৬৪)।

পুলিশ জানায়, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে গোপন বৈঠকে ধর্মঘট নাশকতার পরিকল্পনা করছিল । আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পালনের সময় ওই স্থানে নেতাকর্মীরা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। আলমডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।