স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে চুয়াডাঙ্গা জেলা প্রথমস্থান অধিকার করেছে। খুলনা বিভাগে গত দুই মাসের পরিসংখ্যানে চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ট্রত্ব অর্জন করেছে। এছাড়া দেশের মধ্যে চুয়াডাঙ্গা তৃতীয় স্থান অধিকার করেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও করণীয় সম্পর্কিত সভায় উপরোক্ত তথ্য জানানো হয়। এছাড়াও একই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচছা জানানো হয়। গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছ থেকে দেলোয়ার হোসেন শ্রেষ্ট গ্রাম পুলিশের পুরস্কার লাভ করেন।
এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে অক্টোবরে খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক হয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সেই সাথে সেরা উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে টার্গেটের ১০৩ শতাংশ পূরণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ও ১০২ শতাংশ পূরণ করে তৃতীয় স্থান অধিকার করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন প্রথম এবং মোমিনপুর ইউনিয়ন দ্বিতীয় স্থান অধিকার করেছে।
চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ট্রত্ব অর্জন করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু জন্মগ্রহণের পর অবশ্যই তার জন্ম নিবন্ধন করতে হবে এবং মানুষ মৃত্যুবরণের পর তার মৃত্যু নিবন্ধনটি ও করতে হবে। আমরা দেখি জন্ম নিবন্ধন এর হার বৃদ্ধি পেলেও মৃত্যু নিবন্ধনের হার তেমন একটা বৃদ্ধি পায় না। এক্ষেত্রে প্রতিটি কবরস্থানে স্থানীয় ইমামগণদের এই মৃত্যু নিবন্ধনের দায়িত্বটি দেওয়া হবে। এই মৃত্যু নিবন্ধন না করার ফলে অনেক সময় ওয়ারিসগণ তাদের প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হন। অনেক সময় ওয়ারিসের ভ্রাতাগন পিতার টিপসই নকল করে সম্পত্তি ভোগ দখল করেন। মৃত্যু নিবন্ধন করলে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব। তিনি আরো বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন পারফরমেন্সের চুয়াডাঙ্গা জেলা সেরা নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। তাই এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন , আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ প্রমুখ।



