স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
‘করবো সমবায়, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিভিন্ন আনুষ্ঠানিকতকার মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে ডিসি সাহিত্য মঞ্চে এই দিবসটি পালন করে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়। দিবসের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালি শেষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বি.এম তারিক উজ-জামান। সভার আগে এ দিবস উপলক্ষে সমবায় মেলা অনুষ্ঠিত হয়। এসময় মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এরপর শুরু হয় অনুষ্ঠানের আলোচনা সভা।
সভার প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, দেশের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা তৈরিতে সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম-শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করতে হবে। সমবায়ের নামে কেউ যেন সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গা জেলার সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, সমবায়ী ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করবেন। সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।
সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জেলা সমবায় অফিসার সাইদুর রহমান, পরিদর্শক এইচ.এম. শাহরিয়ার শরীফ, আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ইকরামুল হক, আলোর আশা মহিলা সমবায় সমিতির সভাপতি নাসরিন পারভিন, প্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারি নিবন্ধক কাজী বাবুল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল আওয়াল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, প্রমুখ। এছাড়ও উপস্থিত ছিলেন জেলার সমবায়ের আওতায় বিভিন্ন সমিতির সদস্যরা।
সভার শেষে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তারা। এরপরই দিন ব্যাপি চলে সমবায় মেলা। মেলায় বিভিন্ন উদ্যোক্তারা ৭ টি স্টলে সাজিয়েছে বাহারি রকমের পণ্য।



