চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, সামারি ট্রায়ালে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পরে সামারী ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত গ্রেপ্তার চারজনের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের সব ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর চৌরাস্তার বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় জাফরপুর ঈদগাহপাড়ার আব্দুল জলিলের ছেলে মো. জিনারুল ইসলাম (৪০), হানুরবাড়াদি কাজিপাড়ার মো. আত্তাব উদ্দিনের ছেলে মো. আব্বাস উদ্দিন (৪৫) ও মো. মোজাহার আলীর ছেলে মো. আকাশ আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের পর জিনারুল ইসলামের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আব্বাস উদ্দিন ও আকাশ আলী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে জিনারুল ইসলামের কাছ থেকে ইয়াবা কেনার জন্য উপস্থিত হয়েছিলেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে ১৪ পিস ইয়াবা এবং একটি নম্বরবিহীন সুজুকি জিক্সার-১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারী ট্রায়াল প্রসিকিউশন করা হয়। পরে বিজ্ঞ আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অপরদিকে, একই দিন চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত রসুল শেখের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন মন্টুকে (৪৬) তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর হোসেন মন্টু মাদকদ্রব্য সেবন করে পুলিশের উপস্থিতিতেই নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারী ট্রায়াল প্রসিকিউশনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।