ডিঙ্গেদহ বাজার পাড়া এলাকার একটি বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি

ডিঙ্গেদহ প্রতিনিধি
ডিঙ্গেদহ বাজার পাড়ার একটি বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার ও ২ টি মোবাইল ফোন দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার পাড়ায় মৃত ইসরাফিল হোসেনের বাড়িতে গত শুক্রবার রাতে যে কোন এক সময় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
মৃত ইসরাফিল হোসেনের স্ত্রী শাহিদা বেগম বলেন, ৩ তলা বাড়ির দোতলায় আমি একা বসবাস করি। নিচ তলায় আশা এনজিও অফিস ভাড়া নিয়েছে এবং ৩ তলা ভাড়া নিয়ে কয়েকজন ছেলে অনলাইনে কাজ করে। কয়েক বছর হলো আমার স্বামী মারা গেছে। ছেলে সন্তান নেই। ২ টা মেয়ে বিয়ে হয়ে গেছে। আমি একাই দোতলায় থাকি। দীর্ঘদিন যাবৎ আমি ক্যান্সারে আক্রান্ত হবার কারনে শারীরিক দূর্ঘটনার আশঙ্কায় ঘরের দরজায় তালা লাগায় না।


গত শুক্রবার রাত ১০ টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে টেবিলের উপর রাখা মোবাইলে সময় দেখতে গিয়ে দেখি ২ টা মোবাইলের একটাও নেই। সন্দেহ হলে পাশের ঘরে গিয়ে দেখি ওয়ারড্রব ড্রয়ার খোলা এবং তার মধ্যে স্বর্ণ রাখা ছোট ব্যাগ নেই। পরে তিনি দেখতে পান পাশে খাটের উপর চেইন খোলা অবস্থায় গহনা রাখা সমস্ত ব্যাগ পড়ে আছে কিন্তু গহনা নেই। আলমারিতে চিকিৎসার জন্য রাখা ৫ লাখ টাকা নেই।


তিনি বলেন ওয়ারড্রব এবং আলমারি মিলে আমার ১৬ ভরি সোনার গহনা ছিল। কে বা কারা কখন ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেছে কিছুই ঠিক পাইনি। চিকিৎসার টাকা ও গহনা হারিয়ে শাহিদা বেগম এখন দিশেহারা। স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, শাহিদা বেগম নিজে ক্যান্সার আক্রান্ত এবং বাসায় একা থাকার কারনে দরজায় তালা লাগায় না। চুরির ঘটনা জানাজানি হলে ডিঙ্গেদহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদেরকে সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।