মেহেরপুর প্রতিনিধি
নীতিমালা অনুসরণ ও ন্যায্যতার ভিত্তিতে সার ডিলার নিয়োগ এবং ফ্যামিলি কার্ড বিতরণের দাবি জানিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন। এছাড়াও সরকারী সেবায় দলীয়করণ বন্ধ রাজনৈতিক প্রভাব মুক্ত, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান তিনি। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহরের পশুহাট এলকায় জাময়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন।
সার ডিলার নিয়োগ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদাণে দলীয়করণ, হাসপাতাল সিন্ডিকেট, কিশোর গ্যাং, মাদক, জুয়া, চাঁদাবাজীর সাথে বিএনপির দলীয় নেতারা জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, প্রশাসনকে দলীয়করণ করে রাজৈনিতক স্বার্থ হাছিল করার চেষ্টা করছে বিএনপি। এর সাথে খোদ দলীয় কিছু নেতা-কর্মী। সংসদ সদস্যের বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছে বিরোধী দলের সংসদসদস্যরা। যেসব আসনে বিরোধী দলের এমপি রয়েছে সেখানে সংসদ সদস্যের সকল বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সরকারী যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানেও সংসদ সদস্যদের বাদ দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে সংসদ সদস্যদের হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়ও তিনি বলেন, কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা। দিতে হচ্ছে নিয়মিত চাঁদা। চাঁদা না দিলে পেটানো হচ্ছে। থানায় মামলা করতে গেলেও নেওয়া হচ্ছে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী উপজেলা) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, লিখিত বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা জাময়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইনসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



