কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে দুই মাদকসেবী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এ ছাড়া অপহরণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই মাদকসেবীকে সংক্ষিপ্ত বিচার আদালত পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আজ সোমবার (২৬ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মাদকসেবীর কারাদণ্ড
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে কোটচাঁদপুরের রামচন্দ্রপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে বকুল হাসনাতকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ডোপ টেস্টের ফল পজিটিভ আসায় সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ২১ নম্বর ক্রমে তাঁকে দোষী সাব্যস্ত করে নয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
একই দিন পৃথক অভিযানে কোটচাঁদপুরের সলেমানপুর শেখপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। ডোপ টেস্টে তাঁর ফল পজিটিভ আসার পর আদালতে উপস্থাপন করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১৬ ও ২১ নম্বর ক্রমে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাঁকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দুজনকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি তানভীর খানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের অহেদ খানের ছেলে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার (২৬ অক্টোবর) যশোর কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর হেফাজত থেকে মামলার ভুক্তভোগী সুরাইয়া আক্তার সুমাইয়াকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় গত ২১ জুলাই ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছিল। মামলাটি ১৪ নম্বর এবং জিআর নম্বর ৭৯/২৬। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। তাঁরা হলেন উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. ইবাদত হোসেন (৩৫) এবং কোটচাঁদপুর পৌর এলাকার রেলস্টেশন দরগাতলা পাড়ার আশাদুল ইসলামের ছেলে মো. মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)।
পুলিশের বিজ্ঞপ্তিতে ইবাদত হোসেনকে বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং মোস্তাফিজুর রহমান ডালিমকে কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা কোটচাঁদপুর থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটির জিআর নম্বর ১১৮/২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



