আলমডাঙ্গায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিকের এক মাসের কারাদণ্ড

খন্দকার শাহ আলম মন্টু


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় লোকমান হোসেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক লুৎফর হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় চিকিৎসক-নার্সের ঘাটতি, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রসংক্রান্ত অনিয়মের কারণে ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশ অমান্য করে অস্ত্রোপচার পরিচালনার অভিযোগে মালিককে এ দণ্ড দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও পর্যাপ্ত জনবল নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লিনিকটির কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর সোনিয়া খাতুন (২৮) নামে এক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা নির্ধারণে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।