আলমডাঙ্গায় দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

খন্দকার শাহ আলম মন্টু:
আলমডাঙ্গায় বেসরকারি দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের আনন্দধাম এলাকার ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কলেজপাড়ার লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
সিজারিয়ান অস্ত্রোপচারের পর ১৯ বছর বয়সী এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. নজরুল ইসলামকে দুটি আইনের পৃথক ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়।
একই দিন শহরের কলেজপাড়ায় অবস্থিত লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রতিষ্ঠান থেকেও জরিমানার সম্পূর্ণ ৩৫ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম. আব্দুর রউফ শিবলু। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।