দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

দামুড়হুদা অফিস

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬। সোমবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কন্যাশিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। এ জন্য সকলকে সামাজিকভাবে সচেতন হতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, “আজকের কন্যাশিশুই আগামী দিনের নারী নেতৃত্ব দেবে। তাদেরকে আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে। শিশু বিয়ে বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামছুজোহা পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহের কুফল ও সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের আমীর নায়েব আলী, সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও আমন্ত্রিত সূধীবৃন্দ।

আলোচনা শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।