মহালয়ার মধ্যদিয়ে হলো দেবী পক্ষের সূচনা, আনন্দ উল্লাসে মেতেছে চুয়াডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীরা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মহালয়ার মধ্যদিয়ে একযোগে ১১৬ টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। শনিবার (১০ অক্টোবর) ভোরে জেলার বিভিন্ন মন্দিরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহালয়ার সুচনা ও আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সন্ধ্যায় জেলার মন্দিরগুলোতে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয় এবারের দুর্গোৎসব।

সরেজমিনে জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়ার দক্ষিণ পাড়া বারোয়ারী দুর্গা মন্দিরে ভোরের দিকে প্রজেক্টরের বড় পর্দায় মহালয়ার অনুষ্ঠান উপভোগ করতে মন্দির প্রাঙ্গণে ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটে। মহালয়ার চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রদর্শনী শেষে উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে মহালয়া উপলক্ষ্যে নৃত্য পরিবেশন ও সংগীত অনুষ্ঠান পরিবেশন হয়। এরপর শুরু হয় দেবী দুর্গার পুজা পর্ব। ঠিক এ ভাবে জেলার সবকটি দুর্গা মন্দিরে এমন আয়োজন দেখা গেছে। সেই সাথে মন্দিরের চারপাশে আলোকসজ্জায় সজ্জীত হয়ে উঠেছে। ছোট ও বড় সব বয়সীদের মধ্যে পূজার আনন্দ উল্লাস করতে দেখা যায় ।

বিভিন্ন মন্দিরের আয়োজকরা জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোটকে এবং বিজয়া দশমীতে গমন হবে নৌকায়। প্রচলিত পঞ্জিকা মতে, দেবীর ঘোটকে আগমনকে ‘ছত্রভঙ্গ’ এবং নৌকায় গমনকে শস্য ও জলবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে।

দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়া বারোয়ারী দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ অঞ্জন সাহা আবির বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও আমরা প্রজেক্টরের মাধ্যমে মহালয়া প্রদর্শনীর আয়োজন করেছি। এ আয়োজনের মধ্য দিয়ে পূজার আগেই আমাদের একটি মহামিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ ও তা ধরে রাখতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’

চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের মহালয়ার আয়োজক কমিটি সদস্য বাপ্পা কুণ্ডু বলেন, ‘মহালয়াকে কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীতে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ প্রকাশ পায়। একই সঙ্গে এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনবার্তায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

সনাতন ধর্মাবলম্বী অর্পিতা রায় বলেন, ‘মহালয়ার মধ্যদিয়ে দুর্গা পূজার আয়োজন শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গনে বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নৃত্য ও গান পরিবেশনার মধ্যদিয়ে পূজার আনন্দ উদ্দীপনা উল্লাস দেখা যাচ্ছে সব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।