স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিদ্যুৎ সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ‘বিদ্যুৎ সমন্বয় ও রুফটপ সোলার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
একসময় স্বাগত বক্তব্য রাখেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব।
তিনি জানান, যারা বাড়িতে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করতে চান, তারা শুধু নিজেদের ব্যবহারের জন্যই নয় বরং জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। সৌর বিদ্যুৎ নিজেদের ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডে সরকার ন্যায্য মূল্যে তাদের বিদ্যুৎ ক্রয় করবে। তবে ব্যবহারযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে যেহেতু সৌর বিদ্যুৎ সূর্যের আলোর মাধ্যমে উৎপন্ন হয় তাই রাতের বেলা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ব্যাটারি সংযোগ ব্যবহার করতে হবে। এ সকল ব্যাটারি এবং সোলার প্যানেল যাতে দেশে উৎপাদন করা যায় সে ব্যাপারে সকলকে উদ্ভূত হতে হবে। তাহলে সোলার প্যানেলের খরচ হাতের নাগালের মধ্যে চলে আসবে।
এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। বাসা-বাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ বা ‘রুফটপ সোলার’ স্থাপনের মাধ্যমে আমরা বিদ্যুতের ওপর চাপ অনেকটাই কমাতে পারি। পরিবেশবান্ধব এই প্রযুক্তি ব্যবহারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, জেলা প্রশাসন থেকে রুফটপ সোলার বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে জেলাব্যাপী নানা পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, সহকারি পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, পল্লী বিদ্যুৎ চুয়াডাঙ্গা জোনের ডিজিএম জসীম উদ্দীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা প্রমুখ।
সভায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, অপচয় রোধ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রচার ও প্রসারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যারা সোলার প্যানেল স্থাপন করতে চান, তারা শুধু নিজেদের ব্যবহারের জন্যই নয় বরং জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবেন , চুয়াডাঙ্গায় ‘বিদ্যুৎ সমন্বয় ও রুফটপ সোলার উদ্বুদ্ধকরণ’ সভায় জেলা প্রশাসক



