দামুড়হুদায় খেলাধুলার সময় পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের দিকে শিশু সিয়াম তার সমবয়সী চাচাতো ভাই সাইমের সঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। খেলাধুলার কোনো একপর্যায়ে অসাবধানতাবশত সিয়াম হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা সাইম দ্রুত বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর সিয়ামকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দীন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।