মোবাইল কেনার বাকি টাকা আদায়কে কেন্দ্র করে কার্পাসডাঙ্গায় ফল বিক্রেতা খুন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গাতে মোবাইল বিক্রির বাকির টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মধু (৫০) নামে এক কদবেল বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত মধু আরামডাঙ্গা গ্রামের সিরাজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা জনতা ব্যাংকের পাশে অবস্থিত পুরাতন মোবাইল বিক্রেতা সোহাগের কাছ থেকে মধুর ছেলে শাহীন একটি ব্যবহৃত মোবাইল ফোন ক্রয় করেন। কেনাবেচার পর ১ হাজার টাকা বাকি থেকে যায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে সোহাগ পাওনা টাকা চাইতে গেলে মধুর ছেলে শাহীন জানান তিনি বাকি টাকা কিছুদিন পর পরিশোধ করবেন। কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা কাঁচামাল বিক্রেতা নেতা বাঙালের ছেলে মামুন এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ফল বিক্রেতা মধু পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এবং সোহাগকে বলেন এখন ৫০০ টাকা নিয়ে যাও, বাকি টাকা পরে দেব। এ সময় মামুন বলে এখনি টাকা দেওয়া লাগবে। একপর্যায়ে মামুন পাশেই থাকা ফল বিক্রেতা ফারুকের দোকান থেকে একটি ছুরি নিয়ে এসে মধুর ওপর চড়াও হন। মামুন প্রথমে মধুর হাতে এবং পরবর্তীতে ঘাড়ে মারাত্মকভাবে ছুরিকাঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান মধুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ দামুড়হুদা মডেল থানার হেফাজতে ছিল এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।