দর্শনা অফিস
দর্শনায় দীর্ঘদিনের ভোগদখলীয় ও কেনা জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানাধীন দক্ষিণচাঁদপুর গ্যাংকোয়াটার পাড়ার মৃত রশিদ শাহের ছেলে সৈয়দ মতিয়ার রহমান (৫৭) বাদী হয়ে গতকাল ১ বৃহস্পতিবার অক্টোবর দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন,দক্ষিণ চাঁদপুর গ্যাংকোয়াটার পাড়ার মৃত খোদা বকস মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও খালেকুজ্জামান বনো (৪৫)।
বাদী সৈয়দ মতিয়ার রহমান জানান, ২৩ নম্বর আকন্দ্রবাড়ীয়া মৌজার আরএস ১৫৫ দাগের, যার নামজারি নম্বর ১৭৮৯, হোল্ডিং নম্বর ২৬৯০ এবং দলিল নম্বর ৬৩০১ মূলে সাড়ে বিশ শতক জমি আমরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। বিগত ১৯৮১ সালের ৯ সেপ্টেম্বর অভিযুক্তদের পিতা জীবিত থাকা অবস্থায় ওই জমি আমাদের ৬ ভাইয়ের নিকট বিক্রি করেন এবং রেজিস্ট্রি দলিল সম্পন্ন করে দখল বুঝিয়ে দেন।
কিন্তু অভিযুক্তদের পিতার মৃত্যুর পর থেকেই শহিদুল ও খালেকুজ্জামান বনো ওই জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা চালাতে থাকেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা বিচারাধীন ছিল এবং বিজ্ঞ আদালতের রায়ে আমরা আইনিভাবে বিজয় লাভ করি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছে শুনতে পারি যে আমাদের জমিতে অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনকে সাথে নিয়ে আমাদের নিজস্ব মেহগনি বাগান জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা বাঁশ ও কুনচির কঁচা গাছের বেড়া দিয়ে জোরপূর্বক জমিটি ঘিরে ফেলেন। আমি মতিয়ার রহমান বাধা দিতে গেলে অভিযুক্তরা আমাকে ধারালো দা ও হাসুয়া প্রদর্শন করে খুন-জখমের ভয়ভীতি ও মারাত্মক হুমকি দেন। পরে বাধ্য হয়ে আমি দর্শনা থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি, অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।



