দর্শনা অফিস
দর্শনায় ৪৫ পুরিয়া গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কেরু ফুলতলা এলাকায় অভিযান চালান। এ সময় হান্নানের গ্যাসের দোকানের সামনে পাকা সড়কের ওপর দুই যুবক মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে। তল্লাশি চালিয়ে কামরুল হাসানের কাছ থেকে ২৫ পুরিয়া এবং রুমন আলীর কাছ থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক কামরুল হাসান (২৫) দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শেখ মানিকের ছেলে এবং রুমন আলী (৩১) দর্শনা পাঠানপাড়া এলাকার নাহিদ ওরফে পিরুর ছেলে।
পরে তাঁদের সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দর্শনায় গাঁজাসহ দুই যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড



