জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আলমডাঙ্গা পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে চুয়াডাঙ্গা পৌরসভা ফাইনালে

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা ২-১ গোলে আলমডাঙ্গা পৌরসভা কে পরাজিত করে ফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার  বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় প্রথম অর্ধের ৩ মিনিটের মাথায় নাইজেরিয়ান প্লেয়ার বেলালের বাড়ানো বলে চুয়াডাঙ্গা পৌরসভা দলের হয়ে খেলা ঝিনাইদহর উদীয়মান ফুটবল খেলোয়াড় শাকিল উৎস গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয় । এরপর মরিয়া হয়ে ওঠে আলমডাঙ্গা পৌরসভার খেলোয়াড়রা। দুই বিদেশি খেলোয়াড় কে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা পৌরসভার উদীয়মান ফুটবল খেলোয়াড়রা গোল পরিশধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রথম অর্ধের শেষ বাঁশি বাজানো পর্যন্ত সমতায় ফিরতে পারেনি আলমডাঙ্গা পৌরসভা। প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয় অর্ধের ৫  মিনিটে আবারো গোল করে বসে চুয়াডাঙ্গা পৌরসভার হাসিব। ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০ গোলে।  ২ গোল হজম করে আলমডাঙ্গা পৌরসভার খেলোয়াড়রা বাড়তি চাপে পড়ে। তবে চাপকে রুখে দিতে দলীয় কোচ শেখ শরিফুল ইসলাম প্রতিপক্ষের রক্ষণভাগে একযোগে খেলোয়াড়দের কে আক্রমনের নির্দেশ দেন। সেই নির্দেশনা পেয়ে খেলোয়াড়দের মধ্যে বেড়ে যায় উত্তেজনার পারদ। শেষ পর্যন্ত দ্বিতীয় অর্ধের ২৯ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার জিনারুল গোল করে বসে। দর্শক সার্পোটারদের উৎসাহ ও উদ্দীপনা মূলক করতালিতে খেলোয়াড়রা আরও উজ্জীবিত হয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত গোল ব্যবধান কমিয়ে সমতা ফেরাতে পারেনি আলমডাঙ্গা পৌরসভা দল।
শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা ২-১ গোলে জয় লাভ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে। চুয়াডাঙ্গা পৌরসভা দলের প্রথম গোলদাতা শাকিল উৎস ম্যান অব দি ম্যাচ ও আবুল বাশার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান,চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরি, আব্দুর রউফ শিবলু,  চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজী, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা ওভার তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান  মিশর,সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি একরামুল হক মুক্তা প্রমূখ।
সাবেক খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি  রেজাউল হক জোয়ার্দ্দার রেজা,সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, সারোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, শরিফুল ইসলাম, নাজমুল হক শান্তি, সাবেক কৃতি গোলরক্ষক রবিউল ইসলাম মল্লিক, সাবেক কৃতি ফুটবলার মিজানুর রহমান মানিক, আইয়ুব হোসেন, টিপু সুলতান, শহিদুল কদর জোয়ার্দ্দার,আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশিদ মন্ডল, সোহাগ , চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোষাধক্ষ্য আশাবুল হক আশা, দপ্তর সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন,সাবেক ফুটবলার মিলন বিশ্বাস, তরিকুল ইসলাম তরু, আহসান খান, সুমন প্রমূখ। গতকালের প্রথম সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করেন মেহেরপুর থেকে আগত ম্যাচ রেফারি সোহেল রানা, সহকারী রেফারি ছিলেন লিটা হোসেন, পারভেজ ও জুয়েল। ম্যাচ কমিশনার ছিলেন সাবেক কৃতি গোলরক্ষক রবিউল মল্লিক। ম্যাচের ধারাভাষ্য প্রদান করেন ইসলাম রকিব ও শামিম খান। আজ একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আলমডাঙ্গা উপজেলা দল ও দামুড়হুদা উপজেলা দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।