আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়ার কর্চাডাঙ্গা গ্রামে মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে কর্চডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ সমাবেশ ও র্যালী অনুষ্টিত হয়। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশ ও র্যালীতে মুসল্লী, যুবক, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এসো যুবক পণ করি, মাদক মুক্ত সমাজ গড়ি, মাদক ছেড়ে কলম ধরি, দেশটাকে রক্ষা করি, মাদক সেবন বন্ধ করি, জান্নাতে যাওয়ার পণ করি, ব্যানার ও ফেস্টুনে এ সব শ্লোগান নিয়ে সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত হন।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি মেম্বর হাবিল উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি গাজি আব্দুল হালিম, যুব উন্নয়ন পরিষদের সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক সুজন গাজি, কর্চডাঙ্গা ঈদগা ও গোরস্তান কমিটির সভাপতি মিলন মিয়া, শাহাপুর ক্যাম্পের টু আইসি এএসআই আজমুল ইসলাম ও পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ। বক্তরা বলেন, আমরা মাদক মুক্ত সমাজ চাই, মাদক একটি ভয়াবাহ সামাজিক ব্যাধি, একজন মাদকাসক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসা ও সেবন দেশের প্রচলিত আইন দিয়ে সম্ভব নয়। প্রয়োজন সামাজিক আন্দোলন, জনসচেতনা ও গনপ্রতিরোধ। যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, মাদক ক্রয়-বিক্রয়, আমদানী-রপ্তানী, মাদক কারবারের পৃষ্ঠপোষক ও অর্থদাতাদের চিহ্নিত করার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান। শাহাপুর ক্যাম্পর টুআইসি এএসআই আজমুর ইসলাম আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শুধু কর্চাডাঙ্গা গ্রামে নয়, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ও গ্রামে গ্রামে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
আন্দুলবাড়িয়ার কর্চাডাঙ্গায় মাদক বিরোধী মানববন্ধন



