আলমডাঙ্গায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে হুসাইন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত হুসাইন আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল হুসাইন। রাতের কোনো একসময় তাকে বিষধর সাপে কামড় দেয়। কিছুক্ষণ পর শরীরে তীব্র জ্বালাপোড়া অনুভূত হলে বিষয়টি সে মা-বাবাকে জানায়। তবে হুসাইনের ধারণা ছিল কোনো পোকা তাকে কামড়েছে। পরিবারের সদস্যরাও বিষয়টিকে সাধারণ পোকার কামড় মনে করায় তাৎক্ষণিক চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি।
বৃহস্পতিবার সকালে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা ১১টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে স্বজনদের কান্না ও আহাজারিতে আনন্দধাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।