চুয়াডাঙ্গার প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি গুরুতর অসুস্থ, ঢাকার মিরপুর আল হেরা ক্লিনিকে ভর্তি

স্টাফ রিপোর্টার
দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আবার ঢাকার মিরপুর -১০ নম্বর আল হেরা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের রূপছায়া সিনেমা হলপাড়ার দৈনিক আজকের খাসখবরের প্রধান কার্যালয়ে অবস্থান করছিলেন রাজীব হাসান কচি। এ সময় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। পরে তাকে সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নেয়া হয়।

গতকাল বুধবার রাতেই অ্যাম্বুলেন্সযোগে রাজীব হাসান কচিকে ঢাকায় নেয়া হয়। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে ঠিকমত চিকিৎসা সেবা না পেয়ে বেলা ১১ টার দিকে মিরপুর আল হেরা ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে রাজীব হাসান কচির সহোদর জোসি জানান। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজীব হাসান কচির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সদর হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

দৈনিক আজকের খাসখবরের চিফ রিপোর্টার আলমগীর কবীর শিপলু বলেন, রাজীব হাসান কচি শুধু আমাদের পত্রিকার প্রধান সম্পাদকই নন, তিনি আমাদের সাংবাদিক পরিবারের একজন অভিভাবকতুল্য ব্যক্তি। হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছি। বর্তমানে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার সার্বিক বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রাজীব হাসান কচি চুয়াডাঙ্গার সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ। সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আই ও জনকন্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।