দর্শনা মেমনগরে হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধনী ম্যাচে জিতল যশোর একাদশ

দর্শনা অফিস
দর্শনা মেমনগর মাঠে হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।গতকাল  মঙ্গলবার বিকেলে রামাযুসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। রামাযুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোর্শেদুর রহমান লিংকন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলা তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। এর মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত হবে এবং সাহস ও সহনশীলতার চর্চা তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, মাহবুব উল ইসলাম খোকন, সাংবাদিক শরীফ উদ্দীন, রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, লুৎফর রহমান, মোমিনুল ইসলাম ও শফিকুল আজম তোতা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজির আহম্মেদ, আজিজুল হক ও সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা ও আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী ম্যাচে যশোর একাদশ ২-১ গোলে নাটোর একাদশকে পরাজিত করে জয়লাভ করে। হাসান ও সবুজের ধারাভাষ্যে খেলাটি পরিচালনা করেন নিপুন, রবিউল ও সিয়াম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।