মুজিবনগরে ইট ভাঙ্গার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে ইট  ভাঙ্গার মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামের এক  নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক। গতকাল মঙ্গলবার সকালে দুর্ঘটনায় আহত হয়ে দুপুরে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিখনের মৃত্যু হয়। নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়ারপুর খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মান শ্রমিক সমিতির কার্যালয় থেকে একটি ইট ভাঙ্গা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামে যাচ্ছিলেন। বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছুলে মেশিনের সামনের চাকার এক্সেল ভেঙ্গে উল্টে পড়ে। লিখন হোসেন গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয় গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেখানে সামান্য আহত কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।