মিরপুরে যুব ফোরামের ‘ভাঙারি মামা’ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খন্দকার শাহ আলম মন্টু
প্লাস্টিক দূষণ কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে ‘ভাঙারি মামা’ উদ্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক বোতল সংগ্রহ করে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১০টি প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে পরিবেশবান্ধব গাছের চারা দেওয়া হয়।
গতকাল রবিবার সকাল ১০টায় মিরপুরের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে যুব ফোরাম। মিশন গ্রিন বাংলাদেশ ও রখবধফ-এর অংশীদারিত্বে আয়োজিত কর্মসূচিতে যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে প্লাস্টিক বোতল সংগ্রহ ও বিনিময় কার্যক্রমে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক মো. শাহিবুল। সভাপতিত্ব করেন যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমন।
সভাপতির বক্তব্যে মো. আসাদুজ্জামান লিমন বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার গুরুত্ব বোঝাতে হবে। ‘ভাঙারি মামা’ উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করাই তাঁদের লক্ষ্য।
প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা এখান থেকে যে শিক্ষা পেল, তা পরিবার ও সমাজেও ছড়িয়ে দিতে পারবে।
কর্মসূচিতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যুব ফোরাম কুষ্টিয়া জেলার সদস্য লিওনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং সমাজে সবুজ ও পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলাই ‘ভাঙারি মামা’ উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।