আলমডাঙ্গায় পৃথক অভিযানে ১০ জন গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান ও বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি ছাড়াও একটি মামলার সন্দিগ্ধ আসামি ও একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে জামজামী পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে জামজামী বাজার থেকে আলমডাঙ্গাগামী সড়কের পাশে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের সামনে অভিযান চালান। এ সময় জনি আলী ওরফে জাহাঙ্গীর (২৬), আকাশ আলী (২৪) ও শাহিন (২৮)কে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে আলমডাঙ্গা থানার এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে আসাননগর গ্রামের শহিদুল ইসলাম মেম্বারের মেহগনি বাগানে অভিযান চালিয়ে আব্দুর রশিদ (৫৫) ও সোহাগ (৩৮)কে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাটবোয়ালিয়া গ্রামের এসকে এসবি ইটভাটার প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া গ্রামের তপন ওরফে দবির মালিথা (২৩)কে এক গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে ফরিদপুর দোহারপাড়া এলাকার মদিন সাহেবের পুকুরের সামনে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৫৫)কে এক গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবিরের নেতৃত্বে বিশেষ অভিযানে আলমডাঙ্গা থানার মামলা নম্বর-১৬ (২১ জুলাই ২০২৬), দণ্ডবিধির ৩৯৩ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি জেহালা অঘরনাথ গ্রামের লিটন আলী (৩৮) ও গড়চাপড়া গ্রামের তুহিন আলী (২২)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া এএসআই জামির আলীর নেতৃত্বে বক্সীপুর গ্রামের নিজ বাড়ি থেকে আলমডাঙ্গা জিআর-২৮৯/২৪, প্রসেস নম্বর-৫২৪/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি সবুজ আলী (২৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকসংক্রান্ত সাত আসামির বিরুদ্ধে সামারি ট্রায়াল প্রসিকিউশনের মাধ্যমে এবং লিটন আলী ও তুহিন আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি সবুজ আলীকেও পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।