চুয়াডাঙ্গা সার্কিট হাউসে মতবিনিময় সভায় নেওয়াজ হালিমা আরলী এমপি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য, বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। গতকাল চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে সার্কিট হাউসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। সংগঠনের গুরুত্ব অনুধাবন করে আপনাদের কর্মযজ্ঞ ঠিক করতে হবে। নানা সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। সেগুলো নিরসনের জন্য চেষ্টা করা হবে।’
তিনি বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে মহিলাদের জন্য নির্ধারিত আসনগুলোতে যেন দলীয় প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারেন, সে লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে হবে। দল থেকে একক প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে মহিলা দলকে সুসংগঠিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।
বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন্নাহার রিনা। জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর শেফালী খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ছালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজেরা খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি, সদস্য সচিব রেহানা পারভীন, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা খাতুন, দর্শনা থানা মহিলা দলের সদস্য সচিব বেবি খাতুন, জেলা মহিলা দল নেত্রী রহিমা খাতুন ও ফেরদৌসি লাকী প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।