দামুড়হুদা অফিস
‘ডেঙ্গু নয়, প্রতিরোধই প্রধান—সচেতন হোন, সুস্থ থাকুন’ এবং ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ, গড়বো আমরা’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনলাইনে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ের কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দামুড়হুদায় স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের সভাকক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় জঙ্গল পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানান, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারসহ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সবার সম্মিলিত সচেতনতা। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে। এ অভিযান সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান



