দর্শনায় কচিকণ্ঠের আসরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

দর্শনা অফিস
সামাজিক ও সেবামূলক সংগঠন কচিকণ্ঠের আসর (ইউএসএ)-এর চেয়ারম্যানের নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটির আয়োজনে জেলার দুটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দর্শনা বালিকা বিদ্যালয় ও দক্ষিণ চাঁদপুর বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে কচিকণ্ঠের আসর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম হুমায়ূন কবির বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেকেরই নিয়মিত বৃক্ষরোপণ করা উচিত। কচিকণ্ঠের আসরের এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে পরিচালিত হবে বলে আশা করি।’
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী বলেন, পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষার জন্য বৃক্ষরোপণ অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।’ তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কচিকণ্ঠের আসর চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থসচিব মনোয়ার হোসেন, সদস্যসচিব মো. আফজালুল হক বাদল, সদস্যসচিব খুরশিদা নাহার এবং দামুড়হুদা আবদুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক লাবণ্য আক্তার মারু। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।