দর্শনা অফিস
মিথ্যা চাঁদাবাজির অভিযোগে ছেলে রকিবুল ইসলাম ব্রাইটকে হয়রানি ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা আব্দুল কুদ্দুস। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস বলেন, তার ছেলে রকিবুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় সদস্য এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি কোনো দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন।
তিনি অভিযোগ করেন, দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের কাছে চাঁদা চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তার ছেলে রকিবুলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। চাঁদাবাজির ঘটনায় কারা উসকানি দিয়েছে, তা তদন্ত না করে তার ছেলেকে দায়ী করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আব্দুল কুদ্দুস বলেন, ঠিকাদারি ব্যবসার কারণে রকিবুলকে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করতে হয়। ফলে তিনি সব সময় দর্শনায় থাকেন না। এ অবস্থায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছেলেকে একটি ঘটনায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ জন্য বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান আব্দুল কুদ্দুস।
মিথ্যা চাঁদাবাজির অভিযোগে ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে দর্শনায় বাবার সংবাদ সম্মেলন



