আলমডাঙ্গায় ‘আমার দেখা জুলাই আন্দোলন-২৪’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বাংলাদেশ ব্যাপী ‘আমার দেখা জুলাই আন্দোলন-২৪’ এর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে লায়লা কনভেনশন হলে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, এটা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আমাদের মুক্তি আন্দোলনের এক গৌরবময় পাঠ। আমরা বিশ্বাস করি, ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠে। জুলাইকে অক্ষত রাখা, জুলাইয়ের শহীদ ও আহত ভাই-বোনদের স্মৃতিকে জাগ্রত রাখা, তাদের ত্যাগের মহিমায় নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ছোট পদক্ষেপ। আমরা এ রকম পদক্ষেপ আরও সামনে নেব ইনশাআল্লাহ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিভাগের সম্পাদক দারুস সালাম, সাবেক আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা পৌর আমির মাহের আলী প্রমুখ। আলোচনা সভার শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্য থেকে বিজয়ী ২০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।