বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জীবননগরে সমাবেশ ও আলোচনা সভা

জীবননগর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার পুরাতন বিএনপি কার্যালয় এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন চুন্নু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা মনিরুজ্জামান বিল্লাল, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম, সাবেক সভানেত্রী ফারহানা আক্তার রিনি, জীবননগর পৌর কৃষক দলের আহ্বায়ক ইউনুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বাবর আলী, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব বাদশা মিয়া এবং সমাজসেবক ও বিএনপি নেতা নেছার উদ্দীন টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের ইতিহাস, আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নতুন করে অঙ্গীকার করার দিন। আগামী দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর পৌর ছাত্রদলের নেতা মো. তানভির ইসলাম নাফি।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।