স্টাফ রিপোর্টার
দেশে সার, ডিজেল, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণসংযোগ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশের চলমান বিভিন্ন সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে কৃষকদের জন্য সার ও ডিজেলের সংকট, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, বর্তমানে দেশে সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা দৃশ্যমান। সরকার সবকিছু ঠিক আছে দাবি করলেও গ্রামাঞ্চলের সার্বিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে বিদ্যুতের চরম সংকটে সর্বস্তরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষ আজ চরম কষ্টে দিনাতিপাত করছে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার ও স্বার্থের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার রয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে সংসদে এবং রাজপথে জনগণের কথা তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে কৃষি উপকরণ ও জ্বালানি সংকট কৃষকদের উৎপাদন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
পদ্মবিলা ইউনিয়ন জামায়াতের আমির আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির বিলাল হুসাইন ও সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



