স্টাফ রিপোর্টার
‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায়’ শীর্ষক বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ‘ইসলামী সমাজ’ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবীর। তিনি বলেন, দেশের সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আল-কুরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে। আল-কুরআন ও সুন্নাহসম্মত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ। ‘ইসলামী সমাজ’ মূলত কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার একটি আদর্শবাদী প্রতিষ্ঠান ও আন্দোলন।
তিনি আরও বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে দেশের সংবিধানে আল-কুরআনের বিধান বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী সমাজের খুলনা বিভাগীয় অঞ্চলের-১ এর দায়িত্বশীল মোহাম্মদ আলী জিন্নাহ, খুলনা বিভাগীয় অঞ্চলের-২ এর দায়িত্বশীল আসাদুজ্জামান বুলবুল, সহকারী দায়িত্বশীল আবুসামা, চুয়াডাঙ্গা জেলা দায়িত্বশীল আলমগীর কবীর বাবু, কুষ্টিয়া জেলার দায়িত্বশীল আনছার আলম, আলমডাঙ্গা উপজেলার দায়িত্বশীল মাশরাফি বিন মানিকসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা।
চুয়াডাঙ্গায় ‘ইসলামী সমাজ’-এর সংবাদ সম্মেলন



