বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ শুরু আগামী সপ্তাহে

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

সংকটে থাকা কয়েকটি বীমা কোম্পানির সম্পদ বিক্রি ও অন্যান্য সম্পদ নগদায়ন করে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানির গ্রাহকদের দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার দুই দিনব্যাপী এক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) কর্মশালাটির আয়োজন করেছে।
আইডিআরএ চেয়ারম্যান জানান, বীমা কোম্পানিগুলোর যেসব সম্পদ রয়েছে, সেগুলো বিক্রি এবং ট্রেজারি বন্ড ও এফডিআরসহ বিভিন্ন আর্থিক সম্পদ নগদায়ন করে পাওয়া অর্থ গ্রাহকদের দাবি পরিশোধে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি কোম্পানির সম্পদ থেকে পাওয়া অর্থ আইডিআরের তদারকিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে। আগামী সপ্তাহ থেকে ওই অর্থ গ্রাহকদের পরিশোধ করা শুরু হবে। তিনি বলেন, ‘তাদের যত জমি বিক্রি হয়ে লিকুইডেট হতে থাকবে, ব্যাংকে টাকা আসবে, আমরা গ্রাহকদের দিতে থাকবো।’

গ্রাহকদের দাবি পরিশোধে ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়ে মীর নাদিয়া নিভিন বলেন, যে গ্রাহকের দাবি আগে এসেছে, অগ্রাধিকার ভিত্তিতে তাকেই আগে অর্থ দেওয়া হবে। এ জন্য কোম্পানিগুলোর কাছ থেকে গ্রাহকদের দাবির তালিকা সংগ্রহ করে তা নিরীক্ষকদের মাধ্যমে যাচাই করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি কোম্পানির জন্য পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে নিরীক্ষক রাখা হয়েছে। কোম্পানিগুলোর সরাসরি ওই অর্থ ব্যবহারের সুযোগ থাকবে না। আইডিআরের তদারকিতে নির্ধারিত তালিকা অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।