জামজামী গার্লস স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জামজামী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের াবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। জীবনের প্রতিটি পর্যায়ে সততা, পরিশ্রম ও শৃঙ্খলাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সংবর্ধনা পাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন—আসমাউল হুসনা (শিফা), রুকাইয়া মেহেরাবীন, শিখা খাতুন, সোহেলি খাতুন ও সিরাজাম মুনিয়া সিমু।
জামজামী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এ সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।