দর্শনা অফিস
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার হিসেবে মামুনুর রশিদের যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে কাজে যোগদানে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মামুনুর রশিদ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন ও সংশ্লিষ্ট আশিক। গত বুধবার সন্ধ্যায় দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব নিতে মামুনুর রশিদ স্টেশনে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে কাজে যোগদানে বাধা দেন ও স্টেশন মাস্টার আশিক কে গালি দেয় । এ ঘটনায় স্টেশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। পরিকল্পিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন জড়িত। তবে তার এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন ও আশিক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন স্টেশন মাস্টারের যোগদানে বাধা দেওয়ার সঙ্গে তারা জড়িত নন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে দর্শনা রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্কেলের ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন বলেন, দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার মামুনুর রশিদের যোগদানের বিষয়টি তিনি জানেন। তবে মারধরের কোনো ঘটনা তার জানা নেই। এ ধরনের ঘটনা রেল ইয়ার্ডের মধ্যে ঘটেনি বলেও তিনি জানান।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে নতুন স্টেশন মাস্টারের যোগদানে বাধার অভিযোগ



